রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
কর্মজীবন

২৮ বছরে চার শতাধিক বিয়ে দিয়েছেন এশরা, তারাগঞ্জে পরিচিত ঘটকালির মুখ

২৮ বছরে চার শতাধিক বিয়ে দিয়েছেন এশরা, তারাগঞ্জে পরিচিত ঘটকালির মুখ
২৮ বছরে চার শতাধিক বিয়ে দিয়েছেন এশরা
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী হাটে ২৮ বছর ধরে পাত্র-পাত্রী খুঁজে দেওয়া এবং দুই পরিবারের মধ্যে বিয়ের যোগাযোগ স্থাপনের কাজ করছেন এশরা বেগম। দীর্ঘ এই সময়ে তাঁর মধ্যস্থতায় চার শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। এসব বিয়ের মধ্যে হিন্দু সম্প্রদায়ের ৩০টি বিয়েও রয়েছে।

ইকরচালী হাটের পাশের হাইস্কুল মার্কেটের একটি কাপড়ের দোকানে বসেই মূলত ঘটকালির কাজ করেন এশরা। তাঁর কাছে থাকে পাত্র ও পাত্রীর জীবনবৃত্তান্ত। বিয়ের জন্য আগ্রহী পরিবারগুলোর চাহিদা অনুযায়ী সেখান থেকে উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজে দেওয়ার চেষ্টা করেন তিনি।

গত ১৫ অক্টোবর সন্ধ্যায়ও তাঁকে দেখা যায় একই কাজে ব্যস্ত থাকতে। দুপুরে বাড়ি থেকে বের হয়ে ইকরচালী গ্রামের এক মেয়ের সঙ্গে হাজীরহাটের এক ছেলের দেখানোর ব্যবস্থা করতে যান তিনি। ছেলেপক্ষের পৌঁছাতে কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত দুই পক্ষের দেখা হয়। তাঁদের মধ্যে পারস্পরিক পছন্দ তৈরি হওয়ায় পরবর্তী আলোচনার অপেক্ষায় রয়েছে পরিবার দুটি।

সেদিন হাটে আসা দুই ব্যক্তিকে কয়েকটি জীবনবৃত্তান্ত দেখাচ্ছিলেন এশরা। তাঁদের একজন ছেলের জন্য পাত্রী এবং অন্যজন মেয়ের জন্য পাত্র খুঁজছিলেন। এ বিষয়ে তিনি জানান, একজন ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। তাঁকে দুটি জীবনবৃত্তান্ত দেখিয়েছেন। পছন্দ হলে দুই পরিবারের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।

দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতায় এশরা বেগমের কাজের পরিধি শুধু পাত্র-পাত্রী খুঁজে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। দুই পরিবারের সঙ্গে যোগাযোগ, পছন্দের মানুষের সঙ্গে দেখাসাক্ষাতের ব্যবস্থা এবং বিয়ের প্রাথমিক সমন্বয়—সবকিছুতেই ভূমিকা রাখেন তিনি। এভাবেই চার শতাধিক বিয়ের ক্ষেত্রে মধ্যস্থতা করেছেন এই নারী।

দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের বিয়ের সম্বন্ধ তৈরিতে তাঁর এই ভূমিকা তারাগঞ্জের ইকরচালী হাটে তাঁকে পরিচিত করে তুলেছে।

সম্পর্কিত খবর