রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে শীর্ষ তিন প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত

বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে শীর্ষ তিন প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর এবং বুয়েটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার পদ্ধতি ও যোগ্যতার বিস্তারিত তুলে ধরা হলো।

মেডিকেল ও ডেন্টাল কলেজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী দুয়েক দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। অনলাইনে আবেদন শুরু হওয়ার সম্ভাব্য সময় ১৫ থেকে ১৮ নভেম্বর।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ৪ ডিসেম্বর পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত থাকলেও এইচএসসি ও সমমানের ফল প্রকাশে দেরি এবং ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় তা সম্ভব হয়নি। তাই ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। চলতি নভেম্বরেই আবেদন শুরু হওয়ার কথা রয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান জানিয়েছেন, এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে যারা ফলের অপেক্ষায় রয়েছেন, তারাও বুয়েটে আবেদন করতে পারবেন। তবে পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ থাকার সম্ভাবনা কম।

বুয়েটের ওয়েবসাইটে গত সেপ্টেম্বরে প্রকাশিত বিজ্ঞপ্তিতেও ১৬ জানুয়ারি পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে। আবেদনের শুরুর তারিখসহ বিস্তারিত বিষয় নির্ধারণে শিগগিরই একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে।

গত ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক বাছাই পরীক্ষা ছাড়াই সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছিল। এবারও একই পদ্ধতি অনুসরণের সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পাঁচটি ইউনিটের পরীক্ষার সময়সূচি

  • আইবিএ ইউনিট: ৫ ডিসেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১২টা।
  • বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর ২০২৬, সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।
  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর ২০২৬, সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।
  • চারুকলা ইউনিট: ২২ ডিসেম্বর ২০২৬, সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।
  • ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর ২০২৬, সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট।

চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা এবং আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে।

সাধারণ তিনটি ইউনিটে এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট করে সময় থাকবে। চারুকলা ইউনিটে এমসিকিউর জন্য ৩০ মিনিট ও অঙ্কন পরীক্ষার জন্য ৬০ মিনিট এবং আইবিএ ইউনিটে এমসিকিউর জন্য ৯০ মিনিট ও বর্ণনামূলক পরীক্ষার জন্য ৩০ মিনিট বরাদ্দ থাকবে।

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।

আবেদনের যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিটভেদে জিপিএর শর্তগুলো হলো:

  • বিজ্ঞান ইউনিট: বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই পরীক্ষার জিপিএর যোগফল কমপক্ষে ৮ এবং আলাদাভাবে প্রতিটিতে ৩.৫ থাকতে হবে। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে যোগফল ৭.৫ এবং আলাদাভাবে প্রতিটিতে ৩ থাকতে হবে।
  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: সাধারণভাবে জিপিএর যোগফল ৭.৫ এবং আলাদাভাবে প্রতিটিতে ৩ থাকতে হবে। বিজ্ঞান শাখার জন্য যোগফল ৮ ও আলাদাভাবে ৩.৫ এবং বাণিজ্য শাখার জন্য যোগফল ৭.৫ ও আলাদাভাবে ৩ থাকতে হবে।
  • ব্যবসায় শিক্ষা ইউনিট: নিজ শাখার শিক্ষার্থীদের জিপিএর যোগফল ৭.৫ এবং আলাদাভাবে প্রতিটিতে ৩ থাকতে হবে। বিজ্ঞান শাখার জন্য যোগফল ৮ ও আলাদাভাবে ৩.৫ এবং মানবিক শাখার জন্য যোগফল ৭.৫ ও আলাদাভাবে ৩ থাকতে হবে।
  • চারুকলা ইউনিট: দুই পরীক্ষার জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং আলাদাভাবে প্রতিটিতে ৩ থাকতে হবে।

এ ছাড়া বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য নিজস্ব কারিকুলাম অনুযায়ী পৃথক প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু হবে আগামী ২৮ মার্চ ২০২৭।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।