রবিবার; 08 নভেম্বর 2026 আর্কাইভ
CampusLenzBD
রবিবার; 08 নভেম্বর 2026 | আর্কাইভ
শিক্ষাঙ্গন

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চালুর পরিকল্পনা

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চালুর পরিকল্পনা
খুলনা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে খুবির ২৯টি ডিসিপ্লিনে ৯৮টি শ্রেণিকক্ষ রয়েছে। এরই মধ্যে অধিকাংশ ডিসিপ্লিনকে দুই থেকে তিনটি শ্রেণিকক্ষের মাধ্যমে একাধিক বর্ষ, সেমিস্টার ও ব্যাচের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ফলে নিয়মিত ক্লাসের পাশাপাশি পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হ্যান্ডবুকের তথ্য অনুযায়ী, মানব সম্পদ ব্যবস্থাপনা (HRM) ডিসিপ্লিনে রয়েছে মাত্র একটি শ্রেণিকক্ষ। এগ্রোটেকনোলজি (AT), এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স (ES), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন (HC), স্কাল্পচার এবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (SWE) ডিসিপ্লিনে রয়েছে দুটি করে শ্রেণিকক্ষ।

রসায়ন, ডেভেলপমেন্ট স্টাডিজ (DS), ইংরেজি, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (FMRT), আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা (MCJ), ফার্মেসি, পদার্থবিজ্ঞান, প্রিন্টমেকিং ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে রয়েছে তিনটি করে শ্রেণিকক্ষ।

বাংলা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE), অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান ডিসিপ্লিনে রয়েছে চারটি করে শ্রেণিকক্ষ। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (BGE), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ড্রইং অ্যান্ড পেইন্টিং (DP) এবং আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং (URP) ডিসিপ্লিনে রয়েছে পাঁচটি করে শ্রেণিকক্ষ। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BA) ডিসিপ্লিনে ছয়টি এবং আর্কিটেকচার ডিসিপ্লিনে সাতটি শ্রেণিকক্ষ রয়েছে।

তীব্র শ্রেণিকক্ষ সংকটের মধ্যে নতুন ডিসিপ্লিন চালুর পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাইয়ান ওয়াহেদ চৌধুরী বলেন, ২০১৬ সালে ডিসিপ্লিনটি প্রতিষ্ঠার প্রায় এক দশক পরও তারা পর্যাপ্ত শ্রেণিকক্ষসহ প্রয়োজনীয় মৌলিক অবকাঠামো থেকে বঞ্চিত।

রাইয়ান ওয়াহেদ চৌধুরী বলেন, ‘এখনো আমাদের অন্য ডিসিপ্লিনের সঙ্গে শ্রেণিকক্ষ ভাগাভাগি করে ক্লাস করতে হয়। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শ্রেণিকক্ষ ও অন্যান্য অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।’

তিনি বলেন, বিদ্যমান ডিসিপ্লিনগুলোতেই যখন শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামোর সংকট রয়েছে, তখন নতুন করে ১৬টি ডিসিপ্লিন চালু করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এতে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করাও কঠিন হবে। তাই নতুন ডিসিপ্লিন চালুর আগে বিদ্যমান ডিসিপ্লিনগুলোর শ্রেণিকক্ষ, ল্যাব ও অন্যান্য মৌলিক অবকাঠামোগত সংকট নিরসন করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, নতুন ডিসিপ্লিন চালুর পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের অংশ। তবে এখনই ১৬টি ডিসিপ্লিন চালু করা হচ্ছে না।

তিনি বলেন, অবকাঠামোগত সংকট নিরসন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার পর ভবিষ্যতে নতুন ডিসিপ্লিনগুলো চালুর পরিকল্পনা রয়েছে। খুলনার পাইকগাছায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু হলে প্রাথমিকভাবে সেখানে চার থেকে পাঁচটি ডিসিপ্লিন চালুর পরিকল্পনাও রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, নতুন ১৬টি ডিসিপ্লিন চালুর পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ; এটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের বিষয় নয়।

তিনি বলেন, নতুন ডিসিপ্লিন চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, পরিধি, পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষার মান নিশ্চিত করার সক্ষমতা বিবেচনা করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দুই বছর আগে ভাষা শিক্ষা চালুর অনুমোদনের জন্য আবেদন করা হলেও এখনো অনুমোদন পাওয়া যায়নি।

উপাচার্য আরও বলেন, প্রয়োজনীয় সক্ষমতা ও অবকাঠামো নিশ্চিত হওয়ার পর ভবিষ্যতে নতুন ডিসিপ্লিন চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের মতে, নতুন ডিসিপ্লিন চালুর আগে বিদ্যমান শ্রেণিকক্ষ সংকট নিরসন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং শ্রেণিকক্ষের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এতে একদিকে বর্তমান শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের চাপ কমবে, অন্যদিকে ভবিষ্যতে নতুন ডিসিপ্লিন চালুর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি হবে।

সম্পর্কিত খবর

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় education

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঠাঁই পেল দেশের ২৩ বেসরকারি ও ২ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়

প্রতিবেদক: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে বাংলাদেশের ৫২টি সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ২৭টি সরকারি, ২৩টি বেসরকারি এবং দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এবারের তালিকায় বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (এশিয়ায় ১৩৬তম) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (১৪৯তম) শীর্ষে রয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন education

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’ আয়োজন

প্রতিবেদক: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘টেডএক্স ইডব্লিউইউ বাংলাদেশ ২০২৬’। আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে ‘Where We Become’ (যেখানে আমরা গড়ে উঠি) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পেশার আটজন বিশিষ্ট বক্তা নিজেদের জীবনের গল্প, অভিজ্ঞতা ও চিন্তাভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর education

লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

প্রতিবেদক: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা education

নোবিপ্রবির সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের দেওয়া হবে মরণোত্তর সম্মাননা

প্রতিবেদক: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি আয়োজিত হতে যাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ সেশন পর্যন্ত যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।