ইবিতে সংবর্ধনার কারণে শেষ মুহূর্তে স্থগিত ফাইনাল পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে বিনা নোটিশে একটি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ‘ল অব রিয়েল এস্টেট’ (Law of Real Estate) কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থীরা হলে গিয়ে কোনো শিক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কাউকে পাননি।
পরে বিভাগের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা অনুষ্ঠানের কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। অভিযোগ, এ বিষয়ে আগে থেকে আনুষ্ঠানিক কোনো নোটিশ দেওয়া হয়নি।
শিক্ষার্থীদের ভাষ্য, পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে এসে শেষ মুহূর্তে স্থগিতের খবর জানতে পেরে তারা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।
এ বিষয়ে বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওহাব শাহীন জানান, শনিবার অনুষ্ঠিত বিভাগীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে পরীক্ষাটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাস প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়টি জানানোর কথা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
বিভাগীয় সভাপতি আরও জানান, একই দিনে সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তার মতে, এতে একদল শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেলেও অন্যরা বঞ্চিত হতে পারতেন।
তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষাটি স্থগিত করে আগামী ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
তবে পূর্বঘোষিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়ায় বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে।